শিরোনাম

এআই এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এআই এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি বলেছেন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, শিল্প– প্রতিটি ক্ষেত্রে এআই নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। এআই-ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি হবে। একইসঙ্গে প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি এবং কর্মসংস্থানের সঙ্গে দক্ষতার সংযোগ স্থাপন হবে।

বুধবার (১৫ এপ্রিল) সাভারে যুব উন্নয়ন একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ ও যুব সমাজের উন্নয়ন শীর্ষক কর্মশালা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এরইমধ্যে এআই-নির্ভর প্রশিক্ষণ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। আমরা চাই বাংলাদেশও সেই ধারায় এগিয়ে যাক। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীও যেন এর সুবিধা পায় এবং এআই ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান তৃণমূল পর্যায়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান, যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খান প্রমুখ।

/এফসি/