শিরোনাম

যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে লিমনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে লিমনের মরদেহ
(ইনসেটে) নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। কোলাজ: সিটিজেন জার্নাল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে লিমনের মরদেহ নিতে আসেন তার পরিবারের সদস্যরা। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে প্রবেশ করার সময় তার পরিবারের সদস্যরা জানান, লিমনের মরদেহ জামালপুরে গ্রামের বাড়িতে নেয়া হবে।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২ মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে।

লিমনের মরদেহ দেশের পাঠানোর পূর্বে গত ৩১ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ২টার দিকে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামি সোসাইটিতে প্রথম লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটির লোকজন অংশ নেন।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর আটদিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার পর ৩০ এপ্রিল শনাক্ত হয় বৃষ্টির মরদেহ।

পরবর্তীতে দুই শিক্ষার্থী খুনের ঘটনায় নিহত জামিলের রুমমেট অভিযুক্ত হিশাম আবুঘেরহেকে গ্রেফতার করেছে পুলিশ।

লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।

এদিকে, আগামী বুধবার (৬ মে) বাদ জোহর যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

তিনি জানান, পরিবারের পক্ষ থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

/এফআর/