শিরোনাম

স্থানীয় সরকার নির্বাচনের বাজেট ৬ হাজার কোটি টাকা: মীর শাহে আলম

মৌলবীবাজার সংবাদদাতা
মৌলবীবাজার সংবাদদাতা
স্থানীয় সরকার নির্বাচনের বাজেট ৬ হাজার কোটি টাকা: মীর শাহে আলম
উন্নয়নকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যরা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে। বিপুল এই খরচের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।’ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কয়েকটি উন্নয়নকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরেই সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনও (ইসি) সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষে ইসি স্থানীয় সরকার ও অর্থ বিভাগ বসে কোন নির্বাচন আগে ও কোনটি পরে হবে, সে সিদ্ধান্ত নেবে।’

শ্রীমঙ্গলের পর্যটনখাত নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রীমঙ্গলের পর্যটন শিল্প বিকাশে ‘পর্যটন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়’ একটি মাস্টার প্ল্যান তৈরি করার বিষয়টি আমরা বিবেচনায় রয়েছে। যাতে দেশি-বিদেশি পর্যটকরা শ্রীমঙ্গলের আসতে উৎসাহিত হয়।’

বিদ্যুৎ সংকট কমাতে সৌরবিদ্যুৎ ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করা হবে। ছয় মাস পর এসব প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না, তা বিদ্যুৎ বিল পরীক্ষা করে নিশ্চিত করা হবে।’

পরিদর্শনকালে স্থানীয় এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি আব্দুল মালেক, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/