শিরোনাম

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সফট ওপেনিংয়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। তবে কাজের মান ও প্রস্তুতি বিবেচনায় প্রয়োজন হলে সফট ওপেনিং এক-দুই মাস পিছিয়ে দেওয়ার সুযোগও রাখা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিমানমন্ত্রী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ চলছে। চলতি মাসের ২৫ তারিখে জাপানি প্রতিষ্ঠানগুলো দরপত্র জমা দেবে। এরপর দরপত্রের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করা হবে। আশা করা হচ্ছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে।

তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের পর আমাদের হাতে প্রায় সাড়ে তিন মাস সময় থাকবে। এই সময়ের মধ্যে কাজ শেষ করে যদি সফট ওপেনিং করা সম্ভব হয়, তাহলে ১৬ ডিসেম্বরই তা করা হবে। তবে কাজ ভালোভাবে সম্পন্ন করতে যদি আরও সময়ের প্রয়োজন হয়, তাহলে এক-দুই মাস সময় বাড়ানো হতে পারে। পরিস্থিতি অনুযায়ী বিষয়টি জানানো হবে।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, উড়োজাহাজ সংকটের কারণে বর্তমানে বিভিন্ন রুটে ফ্লাইট বাড়ানো যাচ্ছে না। এ সংকট মোকাবিলায় ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করে পরের বছর থেকে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, নিউইয়র্ক ও সিডনিসহ নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অডিটে প্রয়োজনীয় গ্রেড অর্জন করতে পারলে আমরা নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালু করতে পারবো। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি থেকেই নিউইয়র্ক ফ্লাইট চালু হতে পারে।

বিমানমন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কারণে ঈশ্বরদী বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ। সেখানে প্রায় ৬ হাজার ফুট রানওয়ে রয়েছে। সেটি আরও ২ হাজার ৫০০ ফুট বাড়ানো, সংস্কার এবং একটি ছোট টার্মিনাল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

/এসবি/