শিরোনাম

কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষে সায় নেই সরকারের

নিজস্ব প্রতিবেদক
কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষে সায় নেই সরকারের
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপের কৃত্রিম বা নিয়ন্ত্রিত পদ্ধতিতে ইলিশ চাষের উদ্যোগে সম্মতি দিচ্ছে না সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস) প্রযুক্তি ব্যবহার করে ইনডোর, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পদ্ধতিতে ইলিশসহ সামুদ্রিক মাছ চাষের বিষয়ে সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত বা অনুমোদন নেই। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতিও দেওয়া হয়নি।

সোমবার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আরএএস প্রযুক্তিতে সামুদ্রিক মাছ চাষের বিষয়ে রবিবার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সভায় গৃহীত সিদ্ধান্তের কথা তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিশ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। দেশের নদী ও উপকূলীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্র, খাদ্য নিরাপত্তা, ঐতিহ্য এবং বিপুলসংখ্যক জেলে ও মৎস্যজীবীর জীবিকার সঙ্গে ইলিশ ওতপ্রোতভাবে জড়িত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইলিশের উৎপাদন ও ব্যবস্থাপনা মূলত প্রাকৃতিক প্রজনন চক্র এবং নদীনির্ভর পরিবেশের ওপর নির্ভরশীল। ফলে ইলিশ নিয়ে যেকোনো উদ্যোগ অত্যন্ত সংবেদনশীল এবং নীতিনির্ভর বিষয়।

প্রাণ-আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড সম্প্রতি আরএএস প্রযুক্তি ব্যবহার করে ইলিশ, এশিয়ান সিবাস ও গ্রুপারের মতো সামুদ্রিক মাছ চাষের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে তারা ডেনমার্কের প্রতিষ্ঠান এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে। দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়নে যৌথভাবে দুই বছরে প্রায় ৩ কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ নিয়ে প্রকাশিত সংবাদ ও তথ্য বিবেচনায় নিয়েই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সভাটি ডেকেছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, ইলিশ সংক্রান্ত যেকোনো গবেষণা, পরীক্ষামূলক উদ্যোগ বা প্রযুক্তিগত কার্যক্রম বিদ্যমান আইন, নীতিমালা ও জাতীয় স্বার্থের আলোকে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষেই পরিচালিত হতে হবে। অনুমোদন ছাড়া ইলিশ চাষ বা এ-সংক্রান্ত কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয় বলেও হুঁশিয়ার করা হয়েছে।

/এসএ/