শিরোনাম

৬ মাসে সড়কে ঝরলো ৩৬০ শিক্ষার্থীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ মাসে সড়কে ঝরলো ৩৬০ শিক্ষার্থীর প্রাণ
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির লোগো

চলতি বছরের জানুয়ারি থেকে জুন (৬ মাসে) দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬০ জন শিক্ষার্থী। একইসময়ে আহত হয়েছেন ১০৯ জন শিক্ষার্থী।

শনিবার (১১ জুলাই) মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ৫৭টি দুর্ঘটনায় ৫৭ জন শিক্ষার্থী নিহত ও ২২ জন আহত হয়েছেন। ফেব্রুয়ারিতে ৩৯টি দুর্ঘটনায় ৪৭ শিক্ষার্থী নিহত ও ১১ জন আহত হয়েছেন। মার্চে ৫৯টি দুর্ঘটনায় ৬৭ শিক্ষার্থী নিহত ও একজন আহত, এপ্রিলে ৫১টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ২৫ জন আহত, মে মাসে ৬১টি দুর্ঘটনায় ৭৩ জন নিহত ও ২৩ জন আহত ও জুনে ৫৩টি দুর্ঘটনায় ৬০ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

এতে বলা হয়েছে, সড়ক নিরাপত্তা বিষয়ে নিয়মিত কর্মসূচির অভাবে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী প্রাণ হারাচ্ছে, আহত হচ্ছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করছে। ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মিনিট্রাক খাদে পড়ে শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হন। দেশের ইতিহাসে একক সড়ক দুর্ঘটনায় সর্বাধিক প্রাণহানির এ ঘটনার পরও শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে পর্যাপ্ত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়নি। শিক্ষার্থীদের সচেতন করা গেলে নিরাপদ সড়ক নিশ্চিত হওয়ার পাশাপাশি সুশৃঙ্খল জাতি গঠনও সম্ভব হবে।

সড়কে শিক্ষার্থীদের প্রাণহানি রোধে পাঁচ দফা সুপারিশ জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সুপারিশগুলো হলো- পাঠ্যবইয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক বিষয় অন্তর্ভুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক সভা, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং ও সাইনবোর্ড স্থাপন, প্রশিক্ষিত ‘রোড সেফটি গার্ড’-এর মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা এবং প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে সড়ক নিরাপত্তা কমিটি গঠন করা।

/এসবি/