শিরোনাম

প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ঢাবির ছাত্র ছিলেন: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ঢাবির ছাত্র ছিলেন: আসিফ নজরুল
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ড. আসিফ নজরুল। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সফরে গিয়েছিলেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, তিনি ঢাবির ছাত্র ছিলেন কিনা। এবার বিষয়টি স্পষ্ট করলেন তৎকালীন ঢাবির আইন বিভাগের ছাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন এবং তিনি ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে বিভাগটিতে ভর্তি হন।

বুধবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ড. আসিফ নজরুল। নিচে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো–

‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনি বিষয়টা জানতাম আমি।’

‘তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পীকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।’

‘তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢা.বি.-র পড়াশোনা বন্ধ হয়ে যায়।’

/এফআর/