শিরোনাম

নতুন দুই মুখ যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়, প্রজ্ঞাপন হতে পারে কাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নতুন দুই মুখ যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়, প্রজ্ঞাপন হতে পারে কাল

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই সদস্য। সরকারি উচ্চপর্যায়ের সূত্রমতে, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এ দফায় মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন। নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের আগে কিংবা বৃহস্পতিবার (২০ আগস্ট) যেকোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণে ১ জুন পদত্যাগ করার পর থেকে পদটি খালি রয়েছে। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হওয়া শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে আনা নিয়ে গত কয়েক দিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।

তবে এ বিষয়ে সাচিং প্রু জেরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’ তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

২০ আগস্ট দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির মনোনীত প্রার্থী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে নতুন রাষ্ট্রপতিকে শপথ নিতে হয়। সেই হিসাবে (শনিবার) ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের সম্ভাবনা রয়েছে। সেদিনই বঙ্গভবনে নতুন দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিতে পারেন।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন ৫০ সদস্যের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর পাশাপাশি মন্ত্রিসভার বাইরে পাঁচজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রী পদমর্যাদার মোট ১০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন।

/এমএকে/