শিরোনাম

শেখ হাসিনা ফিরলে সুবিচার নিশ্চিত করা হবে: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা ফিরলে সুবিচার নিশ্চিত করা হবে: ডা. জাহেদ
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: পিআইডি

মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণকে ‘স্বাগত’ জানানো হবে। দেশে ফিরে এলে তার সুবিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যান, পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল (আইসিটি) এরইমধ্যে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

দেশে ফেরা নিয়ে শেখ হাসিনার এই ঘোষণাকে সরকার কীভাবে দেখছে– সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তার আসার ব্যাপারে আমরা চেষ্টা করছি। তিনি যদি আসেন, আমরা তাকে স্বাগত জানাবো।

তিনি বলেন, আমরা শেখ হাসিনার জন্য সুবিচার নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন। আমরা যেন তাকে প্রত্যর্পণ করে আনতে পারি, সেই চেষ্টাই করছি।

ডা. জাহেদ বলেন, শেখ হাসিনা যদি আমাদের সঙ্গে দুই পক্ষের যোগাযোগের মাধ্যমে আসেন, সেটা ভালো। তিনি মামলা লড়বেন। মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও সুযোগ আছ। পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন। তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তর্বর্তী সরকারের সময় অনেক আধুনিক করা হয়েছে। এখানে পর্যবেক্ষক রাখা যায়, ভিডিও ক্যামেরা রাখা যায়। একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রক্রিয়া চলবে। এই দেশের জনগণ চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে। মৃত্যুদণ্ড কার্যকর হবে সেটাও জনগণ দেখতে চায়। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন। আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে।

প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেন, ভূ-রাজনীতির দিক থেকে এটা কোনো ইস্যু বলে আমি মনে করি না। আসলে তিনি (শেখ হাসিনা) একেবারে অপ্রাসঙ্গিক একজন মানুষ। আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের চারপাশে পরিচিত মানুষ যারা আছেন তারাও মনে করেন না যে তার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে।

তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিয়ে অনেকেই সরকারের অবস্থান জানতে চাইছেন। কিন্তু বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত নয়, বরং আদালতের আদেশ। নির্বাহী বিভাগ হিসেবে আদালতের নির্দেশনা কার্যকর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।

/এফসি/