শিরোনাম

কুয়াকাটায় বিমানবন্দর করার চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কুয়াকাটায় বিমানবন্দর করার চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুর
অনুষ্ঠানে কথা বলছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

পটুয়াখালী অথবা কুয়াকাটাতে এয়ারপোর্ট নির্মাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ‘আমরা কুয়াকাটা অথবা পটুয়াখালীতে একটা এয়ারপোর্ট তৈরি করার চেষ্টা করছি। যাতে একটা অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা যায়। তাহলে মানুষের অনেক সুবিধা হবে।’

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর প্রবাসীদের জন্য কিছু একটা করার চেষ্টায় আছি। আমাদের দেশে ১৮ কোটি মানুষের কর্মসংস্থান করা সম্ভব নয়। সেজন্য বৈদেশিক বাজার কীভাবে সম্প্রসারণ করা যায়, সেটা নিয়ে কাজ করছি। আমাদের প্রবাসীরা যাতে উচু স্তরেও কাজ করতে পারে, সেটা নিয়েও কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবে সরকারি অফিসার এবং কর্মকর্তারা দীর্ঘ সময় একটা দায়িত্বে থাকলে, সেখানে একটি সিন্ডিকেট তৈরি করে। এজন্য তাদের বদলি হয়ে থাকে। অনেকে তদবির করে পাঁচ থেকে সাত বছর এক জায়গায় থাকছেন। আমার মতে, তিন বছরের বেশি তাদের ঐ পদে রাখা উচিত নয়। এটা করলে কাজে গতিশীলতা আসবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এটা পরিষ্কার কথা যে, বাংলাদেশে থেকে রাতারাতি দুর্নীতি-অনিয়ম পরিষ্কার হয়ে যাবে না। কারণ এগুলো দীর্ঘদিন ধরে প্র্যাকটিস হয়ে এসেছে। তবে, এগুলো আস্তে আস্তে কমিয়ে আনতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিপি বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশে ছিল একদলীয় শাসন ব্যবস্থা। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের জন্য ৫ বছর পরপর আন্দোলন করতে হয়েছে। আন্দোলনের কারণে জ্বালাও-পোড়াও করতে হয়েছে। এতে দেশেরই ক্ষতি হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মুর্তজা সাইফুল জাকির। এসময় উপস্থিত ছিলেন– সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত মিন্টু, সাংবাদিক ফোরকান আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম উজ্জ্বল, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ হোসেন খানসহ প্রমুখ।

/এফআর/