শিরোনাম

মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুর
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ সংগ্রহের প্রলোভন এড়াতে ও সামাজিক প্রত্যাশা পূরণে মন্ত্রীদের মাসিক ন্যূনতম বেতন ১০ লাখ টাকা এবং সংসদ সদস্যদের ৫ লাখ টাকা নির্ধারণ করা উচিত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে একজন একজন মন্ত্রীর মূল বেতন ১ লাখ ৫ হাজার টাকা সঙ্গে বিভিন্ন ভাতা রয়েছে। অন্যদিকে, সংসদ সদস্যের মূল বেতন প্রায় ৫৫ হাজার টাকা এবং ভাতাসহ মোট প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা পান। নির্বাচনী এলাকায় গেলে চিকিৎসা, বিয়ে, খেলাধুলার পুরস্কারসহ বিভিন্ন সামাজিক সহায়তার জন্য মানুষের প্রত্যাশা থাকে। সীমিত আয়ে এসব চাহিদা পূরণ করা কঠিন হওয়ায় অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিতভাবে অর্থ সংগ্রহের প্রলোভন তৈরি হতে পারে।

তিনি বলেন, দায়িত্বকালীন সময়ে সংসদ সদস্যদের জন্য সরকারের পক্ষ থেকে প্রাডো বা নিরাপদ গাড়ির ব্যবস্থা করা উচিত। মেয়াদ শেষে এসব গাড়ি সরকারি পরিবহন পুলে ফেরত দেওয়া হবে।

নুরুল হক নুর বলেন, সুশাসন প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন।

এ সময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড উন্নীত করার দাবিকে যৌক্তিক উল্লেখ করেন। একইসঙ্গে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২০ থেকে ২৫ হাজার টাকা নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও বলেন।

/এসবি/