শিরোনাম

পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, চলতি মাসেই গেজেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, চলতি মাসেই গেজেট
প্রতীকী ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের বিষয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় একবারে পুরো পে-স্কেল কার্যকর না করে ধাপে ধাপে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে শুধুমাত্র মূল বেতন (বেসিক) বৃদ্ধি করা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে চূড়ান্ত গেজেট চলতি জুলাই মাসের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে। এরই মধ্যে ২০টি গ্রেডভিত্তিক নতুন মূল বেতনের একটি প্রস্তাবিত কাঠামোও আলোচনায় এসেছে।

সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার এবং রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চলছে। বিদ্যমান আর্থিক বাস্তবতা বিবেচনায় সব ধরনের সুবিধা একসঙ্গে চালু না করে প্রথম ধাপে শুধু সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলো বর্তমানে গেজেট চূড়ান্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পর্যালোচনা ও প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চালুর ঘোষণা দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তব্যে তিনি বলেন, নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রায় ১১ বছর ধরে একই পে-স্কেল বহাল থাকা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে,প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলের একটি খসড়া কাঠামো নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

খসড়া অনুযায়ী, পূর্বের মতোই ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। সেখানে সর্বোচ্চ বা প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গ্রেডের জন্য প্রস্তাবিত মূল বেতন যথাক্রমে ১ লাখ ৩২ হাজার, ১ লাখ ১৩ হাজার, ১ লাখ এবং ৮৬ হাজার টাকা। ষষ্ঠ থেকে দশম গ্রেডের জন্য মূল বেতন যথাক্রমে ৭১ হাজার, ৫৮ হাজার, ৪৭ হাজার ২০০, ৪৫ হাজার ১০০ এবং ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া ১১তম থেকে ১৫তম গ্রেডের ক্ষেত্রে মূল বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে যথাক্রমে ২৫ হাজার, ২৪ হাজার ৩০০, ২৪ হাজার, ২৩ হাজার ৫০০ এবং ২২ হাজার ৮০০ টাকা।

নিম্ন গ্রেডগুলোর মধ্যে ১৬তম গ্রেডের জন্য ২১ হাজার ৯০০, ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০, ১৮তম গ্রেডে ২১ হাজার, ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ এবং সর্বনিম্ন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের মধ্য দিয়েই দীর্ঘ প্রতীক্ষিত এই পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে।

/এসবি/