শিরোনাম

ট্রেনে ঈদযাত্রা: শেষ দিনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
ট্রেনে ঈদযাত্রা: শেষ দিনের টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে যাত্রায় শেষ দিনের (২৭ মে) ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

রোববার (১৭ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। অন্যদিকে, দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ে ঘোষিত সময়সূচি অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে, ২৪ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে, ২৫ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে এবং ২৬ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৬ মে।

একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড (ফেরত) করা যাবে না।

ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওইদিন ৩১ মে ফেরার টিকিট বিক্রি করা হবে। এরপর ২২, ২৩, ২৪ ও ২৫ মে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ জুনের ফিরতি টিকিট বিক্রি হবে।

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের পশ্চিমাঞ্চলীয় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। আর ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের পূর্বাঞ্চলীয় ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। তবে এই টিকিট ব্যবহার করে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না।

এদিকে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে ও সহজ করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

/এসবি/