শিরোনাম

কক্সবাজারকে পর্যটন হাবে পরিণত করতে চাই: বিমানমন্ত্রী

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কক্সবাজারকে পর্যটন হাবে পরিণত করতে চাই: বিমানমন্ত্রী
উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত সভা

পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিণত করতে চাই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ লক্ষ্যে ইতোমধ্যেই কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেলগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সভায় বিমানমন্ত্রী কক্সবাজারের উন্নয়নে ইকো ট্যুরিজম মডেল অনুসরণ করার আহ্বান জানান। সেইসঙ্গে কক্সবাজারকে পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আফরোজা খানম বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন অল্প সময়ের মধ্যেই আমরা করতে পারবো বলে আশা করি। নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হলে বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজার আরো আকর্ষণীয় হয়ে উঠবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে কক্সবাজারের জন্য নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন মাস্টারপ্ল্যানে কক্সবাজারকে একটি অত্যাধুনিক পর্যটন হাবে রূপ দেওয়া হবে।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কক্সবাজার স্মার্ট সিটি তৈরিতে একটি মাস্টারপ্ল্যানের কাজ শুরু করার নির্দেশ দেন।

/জেএইচ/