বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণ অধিকার পরিষদের ফারুক হাসান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণ অধিকার পরিষদের ফারুক হাসান
ফারুক হাসান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। উপসচিব পদমর্যাদার এ পদে তিনি গত সপ্তাহের শুরুতে কর্মস্থলে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ফারুক হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার তাকে বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে।

ফারুক হাসান ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে গণ অধিকার পরিষদে যোগ দেন। সে সময় দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান তাকে উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহসভাপতি পদমর্যাদায় দলীয় মুখপাত্রের দায়িত্ব দেন।

২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের যাত্রা শুরু হয়। পরে ২০২৩ সালের জুনে দলটিতে অভ্যন্তরীণ বিরোধ ও বিভক্তি দেখা দেয়। ওই বছরের জুলাইয়ে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশে ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী সময়ে ড. রেজা কিবরিয়া আলাদা রাজনৈতিক দল আমজনতার দল গঠন করলে ফারুক হাসান মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের অংশে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দলটির দুই অংশকে এক করার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ওই বছরের ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদে ফিরে আসেন ফারুক হাসান। এ সময় তাকে উচ্চতর পরিষদের সদস্য, সিনিয়র সহসভাপতি পদমর্যাদা ও দলীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ফারুক হাসান। গণ অধিকার পরিষদের এই নেতা নির্বাচনে ১ হাজার ৮৪৩ ভোট পেয়ে পরাজিত হন।

/এমআর/