শিরোনাম

পে-স্কেলে বেতন বাড়লেও ভাতা পুনর্মূল্যায়নের চিন্তা সরকারের

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
পে-স্কেলে বেতন বাড়লেও ভাতা পুনর্মূল্যায়নের চিন্তা সরকারের
নবম জাতীয় বেতন কাঠামো। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা থাকলেও বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস বা যৌক্তিকীকরণের বিষয়ে আলোচনা চলছে। সরকারের ব্যয় ব্যবস্থাপনা ও আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে কয়েকটি ভাতার হার পুনর্মূল্যায়নের প্রস্তাব এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির এক উচ্চপর্যায়ের বৈঠকে নবম পে-স্কেলের কাঠামো, আর্থিক প্রভাব এবং সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত বহাল রেখেই এর বাস্তবায়ন প্রক্রিয়া, ব্যয়ভার এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে।

বর্তমানে অষ্টম জাতীয় পে-স্কেল-২০১৫ অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা ও আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে বাড়ি ভাড়া ভাতা অন্যতম, যা কর্মস্থল ও শ্রেণিভেদে মূল বেতনের ৪৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত নির্ধারিত রয়েছে।

এ ছাড়া মাসিক চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, টিফিন ও ধোলাই ভাতা এবং বিশেষ ক্ষেত্রে পাহাড়ি বা ঝুঁকিভিত্তিক ভাতাও প্রদান করা হয়।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে মূল বেতন বৃদ্ধির ফলে সরকারের সামগ্রিক ব্যয় কতটা বাড়তে পারে, তা বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। সেই বিবেচনায় কিছু ভাতার হার পুনর্নির্ধারণ কিংবা নির্দিষ্ট সীমার মধ্যে আনার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে শতাংশভিত্তিক হার কিছুটা কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার বিষয়টি আলোচনায় এসেছে। কারণ মূল বেতন বৃদ্ধি পেলে একই হারে ভাতাও উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়, যা সরকারের ব্যয়ভার বাড়াতে পারে।

এ ছাড়া চিকিৎসা, শিক্ষা সহায়ক ও যাতায়াত ভাতার ক্ষেত্রেও নতুন সীমা নির্ধারণ বা সমন্বয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সময়ের সঙ্গে প্রাসঙ্গিকতা হারিয়েছে বা খুব সীমিত কার্যকারিতা রয়েছে—এমন কিছু ছোট ভাতা সম্পূর্ণ বিলুপ্ত করার প্রস্তাবও আলোচনায় এসেছে।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্র বেতন বৃদ্ধি করছে। তবে এর পাশাপাশি জনপ্রশাসনে স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহি আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, শুধু আর্থিক সুবিধা বৃদ্ধি নয়, নাগরিকদের কাছে সরকারি সেবা সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়েও কর্মকর্তাদের অধিক মনোযোগী হতে হবে।

বৈঠকে নবম পে-স্কেল বাস্তবায়নের আগে প্রয়োজনীয় গেজেট প্রকাশ, আইনি যাচাই-বাছাই, কারিগরি প্রস্তুতি এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।

সরকারি সূত্রগুলো বলছে, নতুন অর্থবছরের শুরু থেকেই নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা কার্যকর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রায় ৪৪ হাজার কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে।

/এমআর/

বিষয়:

পে-স্কেল