শিরোনাম

বিবাহ-তালাক নিবন্ধন ডিজিটাল হচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিবাহ-তালাক নিবন্ধন ডিজিটাল হচ্ছে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

বাল্যবিবাহ, বহুবিবাহ ও বিবাহসংক্রান্ত জালিয়াতি ঠেকাতে বিবাহ ও তালাক নিবন্ধনব্যবস্থাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। এদিন আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

আইনমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে বিবাহ নিবন্ধনে বিভিন্ন অনিয়ম কমানো সম্ভব হবে। এর ফলে বাল্যবিবাহ ও বহুবিবাহের পাশাপাশি বিবাহসংক্রান্ত জালিয়াতিও ঠেকানো যাবে। বিভিন্ন সার্ভারের সঙ্গে তথ্যব্যবস্থা সংযুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সহজেই পাওয়া যাবে। ফলে বাল্যবিবাহ, বহুবিবাহ ও বিবাহসংক্রান্ত জালিয়াতি প্রতিরোধ করা সহজ হবে। পাশাপাশি বিদেশে ভিসার আবেদন করার ক্ষেত্রেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রকল্পটির আওতায় প্রথম পর্যায়ে দেশের ১০টি উপজেলায় পাইলট কার্যক্রম পরিচালনা করা হবে। এতে প্রায় ৮ কোটি টাকা ব্যয় হবে।

মো.আসাদুজ্জামান বলেন, সরকারের দুর্বলতার কারণে এ প্রকল্পে ব্র্যাককে যুক্ত করা হয়নি। গত ৫৫ বছর ধরে দেশের প্রায় সব অঞ্চলের তৃণমূল পর্যায়ে নারীদের বৈবাহিক অবস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করছে ব্র্যাক। বিবাহসংক্রান্ত বিষয়ে মাঠপর্যায়ে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে।

/এসবি/