মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয় জানতো না ঢাকা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয় জানতো না ঢাকা
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সৌদি আরবের পবিত্র মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে কিছু জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা। ঘটনার বিস্তারিত তথ্য জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সূত্র এ তথ্য জানিয়েছে।

কনস্যুলেটের একটি সূত্র জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি কনস্যুলেটের নজরে আসে। এরপর ঘটনার বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। তারা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে পাঠানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শরিয়াহ আইনে ‘তাআজির’ বা বিচারকের বিবেচনাধীন শাস্তির বিধানে আদালত তাদের মৃত্যুদণ্ড দেন। মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অপরাধের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ রায় দেওয়া হয় বলে জানানো হয়েছে। পরবর্তী সময়ে উচ্চতর বিচারিক কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পবিত্র মসজিদের নিরাপত্তা ও ধর্মীয় মর্যাদা রক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি আরবের বেসরকারি সূত্রের বরাতে জানা গেছে, গত কয়েক মাস ধরে জেদ্দার আদালতে এ মামলার বিচার চলছিল। বিচারপ্রক্রিয়ায় বাংলাদেশের দুজন বিশিষ্ট নাগরিক দোভাষী হিসেবে সহযোগিতা করেছেন বলেও জানা গেছে।

এদিকে দুই বাংলাদেশির গ্রেপ্তার, বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশকে আগে জানানো হয়নি কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সৌদি কর্তৃপক্ষ দুই বাংলাদেশিকে আটক করে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করেছে, এমনটি হওয়ার কথা নয়। আটক ব্যক্তিদের পক্ষে কেউ বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশে কোনো দেশের নাগরিক গ্রেপ্তার হলে তার অনুরোধে আটককারী দেশকে সংশ্লিষ্ট দেশের কনস্যুলেটকে অবহিত করতে হয় এবং কনস্যুলার সহায়তার সুযোগ দিতে হয়। তবে নজরুল ইসলাম ও সুইটি আখতার কনস্যুলেটকে অবহিত করার অনুরোধ করেছিলেন কি না, তা এখনো জানা যায়নি।

/এমআর/