শিরোনাম

এক্সিলারেট টার্মিনালের গ্যাস সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এক্সিলারেট টার্মিনালের গ্যাস সরবরাহ শুরু

টানা তিন দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সরবরাহ শুরু করেছে চট্টগ্রামের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)বা এলএনজি টার্মিনাল।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে টার্মিনালটি থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টার দিকে টার্মিনালটি থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়। প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। যা অপারেশন স্থিতিশীল হওয়ার সাঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে বাড়ানো হবে।

পেট্রোবাংলার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) বিভাগের পরিচালক প্রকৌশলী মো. শোয়েব বলেন, এক্সিলারেট টার্মিনালটি পুনরায় তাদের কার্যক্রম শুরু করেছে এবং গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এই সরবরাহের পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, টার্মিনালটিতে এলএনজি সরবরাহকারী জাহাজটি মূলত রবিবার (২৩ আগস্ট) পৌঁছানোর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের একদিন আগেই জাহাজটি পৌঁছে যাওয়ায় আজ থেকেই টার্মিনালটি চালু করা সম্ভব হয়েছে।

এর আগে, গত ১৯ আগস্ট মজুত এলএনজি শেষ হয়ে যাওয়ায় এই টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিলো। যা দেশের চলমান গ্যাস সংকটকে আরও প্রকট করে তোলে।

উল্লেখ্য, গত ২১ জুলাইয়ের অগ্নিকাণ্ড ও পরবর্তী কারিগরি সমস্যার কারণে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে সক্ষম এক্সিলারেট পরিচালিত এফএসআরইউটি বন্ধ ছিল। ৬ আগস্ট আংশিকভাবে কার্যক্রম শুরু করলেও ১৪ আগস্ট আবারও এর কার্যক্রম ব্যাহত হয় এবং ১৫ আগস্ট পুনরায় চালু হয়।

সামিট ও এক্সিলারেটের এফএসআরইউ সম্মিলিতভাবে প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি রূপান্তর করতে পারে। এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ কমে যায়।

/এসবি/