শিরোনাম

ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সিটিজেন ডেস্ক
ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ বৈঠকে তিনি এ কথা জানান। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে প্রতিদিন সীমিত আকারে ডেঙ্গু রোগী শনাক্ত হলেও মৌসুমের কথা বিবেচনা করে কোনো প্রকার কালক্ষেপণ ছাড়াই মাঠ পর্যায়ে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চিকিৎসা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পৃথক ডেঙ্গু কর্নার চালু করা হচ্ছে। পাশাপাশি, আক্রান্তদের দ্রুত ও সুচিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন সাপেক্ষে দেশের অন্যান্য অঞ্চলেও এমন হাসপাতাল স্থাপন করা হবে। স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান এবং পরিচালক (হাসপাতাল) ডা. এএইচএম মইনুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, ডেঙ্গুর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেবে সোসাইটি অব মেডিসিন, যা ঢাকার বাইরে দেশের সাতটি বিভাগ ও জেলা পর্যায়ে মঙ্গলবার (২ জুন) থেকেই শুরু হবে। এ কার্যক্রমে ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা প্রদান করছে। এছাড়া ডেঙ্গু পরীক্ষার কিট, রিএজেন্ট এবং ফ্লুইড স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত ও সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে দুই মাস আগে থেকেই সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ চলছে উল্লেখ করে সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি বিশেষ অ্যাপ চালু এবং এ সংক্রান্ত গবেষণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

/এমএকে/