শিরোনাম

বিলুপ্তির পথে ইসরায়েলের পার্লামেন্ট, ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু

সিটিজেন ডেস্ক
বিলুপ্তির পথে ইসরায়েলের পার্লামেন্ট, ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু

রাজনৈতিক মিত্রদের সমর্থন হারিয়ে চরম চাপের মুখে থাকা ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত করে পার্লামেন্ট নেসেট বিলুপ্ত করার প্রাথমিক বিল পাস হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এ ভোটাভুটির সময় একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অধিবেশনে উপস্থিত ছিলেন না।

বুধবার (২০ মে) নেসেটের স্পিকার আমির ওহানা জানিয়েছেন, নেসেট বিলুপ্তির এ বিলের পক্ষে ১১০ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি। বিলটি চূড়ান্ত আইনে পরিণত হওয়ার আগে আরও কিছু পর্যালোচনার মধ্য দিয়ে যাবে। দেশটির বর্তমান সংবিধান অনুযায়ী, ২০২২ সালের মে মাসে হওয়া সর্বশেষ নির্বাচনের পর আগামী ২০২৬ সালের ২৭ অক্টোবরের মধ্যে পরবর্তী ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। তবে নতুন বিল পাসের পর এখন আগাম নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। বিশ্লেষকদের ধারণা, দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হলে আগামী সেপ্টেম্বর নাগাদ এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, অন্যথায় অক্টোবরেই ভোটগ্রহণ হবে।

মূলত ক্ষমতাসীন জোটের কট্টরপন্থি ইহুদি দলগুলোর আকস্মিক দাবির মুখেই নেসেট বিলুপ্তির এই পরিস্থিতি তৈরি হয়েছে। ঐতিহাসিকভাবে লিকুদ পার্টি এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও এই দলগুলো সম্প্রতি নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, নেতানিয়াহুকে আর জোট শরিক হিসেবে তারা চাইছে না এবং সরাসরি আগাম নির্বাচনের পক্ষেই তাদের অবস্থান।

সাম্প্রতিক একাধিক জনমত জরিপের তথ্যেও দেখা গেছে, সাধারণ ভোটার থেকে শুরু করে খোদ জোটসঙ্গীদের কাছেও নেতানিয়াহু ও তার দলের গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছে। ফলে সামনে নির্ধারিত সময়ে কিংবা আগাম যেভাবেই নির্বাচন হোক না কেন, লিকুদ পার্টির জয়ের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে এখনই সরকারের পতন ঘটিয়ে নির্বাচনের আগে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তীব্র আইনি জটিলতা এড়াতেই কট্টরপন্থি দলগুলো আপাতত আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ছে না।

সূত্র: রয়টার্স

/এমএকে/