কাতার উপকূলে তেল ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কাতার উপকূলে তেল ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা
হরমুজ প্রণালি

কাতারের উত্তর উপকূলে একটি ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কাতারের মদিনাত আল-শামাল থেকে প্রায় ৫১ নটিক্যাল মাইল (৯৪ কিলোমিটার) দূরে হামলার ঘটনাটি ঘটেছে এবং বেশ কয়েকজন হতাহত হয়েছেন। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘ভ্যানগার্ড’ আক্রান্ত জাহাজটিকে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী হিসেবে শনাক্ত করেছে। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করা কৌশলগত হরমুজ প্রণালির দিকে যাওয়ার সময় ট্যাংকারটি আক্রান্ত হয়।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের এ আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে প্রায়ই হামলার তথ্য সামনে অসছে। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যমতে, এ পর্যন্ত অন্তত ৯৩টি নিশ্চিত হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৪ জন নাবিক।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালি যুদ্ধ শুরুর পর থেকেই অচলবস্থায় আছে। তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং বিপরীতে ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌঅবরোধে সমুদ্রপথটি পুরোপুরি থমকে যায়। জুনে যুদ্ধ বন্ধ ও পথটি সচল করতে ওয়াশিংটন ও তেহরান একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছালেও কয়েক সপ্তাহের মধ্যেই তা ভেস্তে যায়। ইরানি হামলা নতুন করে শুরু হলে যুক্তরাষ্ট্রও কড়া অবরোধ পুনর্বহাল করে।

জাহাজ চলাচলের তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষকরা জানিয়েছেন, তীব্র সংকটের মধ্যেও গত দুই সপ্তাহে প্রতিদিন গড়ে ১২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এ জলপথ দিয়ে পার হয়েছে। এটি স্বাভাবিক সময়ের প্রায় ৮০ শতাংশ।

সূত্র: বিবিসি

/এমএকে/