মক্কায় হামলার অভিযোগ অস্বীকার করলো হুথি গোষ্ঠী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মক্কায় হামলার অভিযোগ অস্বীকার করলো হুথি গোষ্ঠী
মক্কার কাবা শরিফ

পবিত্র নগরী মক্কার দক্ষিণে একটি ড্রোন আটকের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে এই দাবি পুরোপুরি নাকচ করে হুথি গোষ্ঠী জানিয়েছে, মক্কাকে লক্ষ্যবস্তু করার কোনো ঘটনাই ঘটেনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে এ দাবি প্রত্যাখ্যান করে।

হুথিদের নিয়ন্ত্রিত সাবা সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, দলটির রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেছেন, ‘ইয়েমেন মক্কাকে লক্ষ্যবস্তু করেছে বলে যে প্রচার চালানো হচ্ছে তা মিথ্যা, এর কোনো ভিত্তি নেই।’ তিনি আরও বলেন, ‘যারা রাজনৈতিকভাবে মক্কা ও পবিত্র স্থানগুলোকে ব্যবহার করে, তাদের চেয়ে আমরা এগুলো নিয়ে বেশি উদ্বিগ্ন।’ তার মতে, সৌদি আরব মূলত ইয়েমেনে তারা যে সংকটের সম্মুখীন হচ্ছে, তা থেকে মনোযোগ সরানোর জন্য এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে।

আল-ফারাহর মতে, ইয়েমেনে সামরিক অভিযান, দীর্ঘস্থায়ী অবরোধ ও দখলদারিত্বে জড়িয়ে পড়ে রিয়াদ এখন মারাত্মক বেকায়দায় পড়েছে। নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়ে সৌদি আরব বর্তমানে এক উভয়সঙ্কটে পড়েছে। তিনি অভিযোগ করে বলেন, সৌদি আরব তাদের নীতির পরিণতি মোকাবেলায় ব্যর্থ হওয়ার পর সমস্যার মূল থেকে মনোযোগ সরানোর এবং ইয়েমেনের বিরুদ্ধে মুসলমানদের উসকানি দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘সমাধান স্পষ্ট- আগ্রাসন বন্ধ করুন, অবরোধ তুলে নিন, ইয়েমেনকে একা ছেড়ে দিন এবং বছরের পর বছরের যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের জন্য ইয়েমেনীয়দের ক্ষতিপূরণ দিন। কেবল তখনই সৌদি আরব নিরাপত্তা ও স্থিতিশীলতা চাইতে পারে।’

বক্তব্যের শেষে তিনি কড়া হুশিয়ারি উচ্চারণ করে জানান, রিয়াদের তরফ থেকে এ ধরনের পদক্ষেপ চলতে থাকলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। হুথি নেতার কথায়, যে সংঘাতের দরজা খোলে, তাকে এর পরিণতি ভোগ করতেই হবে। তিনি আরও যোগ করেন, এই সংঘাত জিইয়ে রাখা মানে সরাসরি সৌদি আরব এবং এর গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে জুয়া খেলার শামিল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এমএকে/