বিমান সংস্থাগুলোকে সৌদির আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুথিদের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিমান সংস্থাগুলোকে সৌদির আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুথিদের
হুথিদের সামরিক মুথপাত্র ইয়াহিয়া সারি

সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি এড়িয়ে চলার জন্য বিমান সংস্থা, যাত্রী এবং বিমানবন্দর কর্মীদের কড়া বার্তা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রাণঘাতী হামলার ঠিক একদিন পরই এ বার্তা দিলো গোষ্ঠীটি। হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছিল।

রবিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা এখন তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্যবস্তু এবং এগুলো যেকোনো সময় নতুন হামলার ঝুঁকিতে রয়েছে। তবে সাধারণ যাত্রী ও পুণ্যার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পবিত্র শহর মক্কা ও মদিনার বিমানবন্দরগুলোকে এর আওতামুক্ত রাখা হয়েছে।

একই সঙ্গে হুথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি আরবের সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে এর পরিণতি হবে আরও ভয়াবহ। হুথি-পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন নেটওয়ার্কে প্রচারিত বিবৃতিতে বলা হয়, রিয়াদ যদি ইয়েমেনে তাদের আগ্রাসন ও হস্তক্ষেপ অব্যাহত রাখে, তবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তারা সাম্প্রতিক হামলাগুলোকে সৌদি জোটের নেওয়া পদক্ষেপের উপযুক্ত প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছে।

মূলত জুলাই মাসে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকেই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং ইরান সমর্থিত হুথিদের মধ্যে সংঘাত নতুন করে শুরু হয়। এ লড়াইয়ে সরকারি বাহিনীকে সরাসরি সমর্থন দিয়ে হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে টানা বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এর জবাবেই এখন সৌদির ভেতরে সরাসরি আঘাত হানছে হুথিরা।

সূত্র: খামা প্রেস

/এমএকে/