শিরোনাম

লেবাননে হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি হবে না: ইরান

সিটিজেন ডেস্ক
লেবাননে হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি হবে না: ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সাময়িক যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই হামলাকে সরাসরি চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন তিনি। পেজেশকিয়ান আরও বলেছেন, এমন পরিস্থিতিতে চলমান আলোচনাগুলো পুরোপুরি অর্থহীন হয়ে পড়বে। লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, যেকোনো পরিস্থিতিতে ইরান তাদের পাশে থাকবে।

এদিকে, লেবাননে হামলা বন্ধকে যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, লেবানন এবং সকল প্রতিরোধী শক্তি ইরানের মিত্র হিসেবে এ চুক্তির আওতাভুক্ত। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে বলেও জানান তিনি ।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র এক দিনের মাথায় লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলা দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এ হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দম্ভোক্তি করে জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখবে তার দেশ।

সূত্র: আল জাজিরা

/এমএকে/