শিরোনাম

ফিলিস্তিনের পশ্চিম তীরে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে ভারত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফিলিস্তিনের পশ্চিম তীরে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে ভারত
২০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান

আঞ্চলিক অস্থিরতার মধ্যেই ফিলিস্তিনের সঙ্গে স্বাস্থ্য ও উন্নয়নমূলক অংশীদারিত্ব আরও বাড়াচ্ছে ভারত। এর অংশ হিসেবে পশ্চিম তীরে একটি ২০০ শয্যার সুপার-স্পেশালিটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রস্তাবিত হাসপাতালে আধুনিক সব চিকিৎসা সুবিধার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ ট্রমা সেন্টার থাকবে। মূলত জেনিন এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষকে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা দেওয়াই এ হাসপাতালের মূল উদ্দেশ্য। রামাল্লায় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন। আলোচনায় রাজনৈতিক সম্পৃক্ততা, উন্নয়ন সহযোগিতা, স্বাস্থ্যসেবা সহায়তা এবং গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

স্বাস্থ্যসেবার পাশাপাশি ফিলিস্তিনের কারিগরি শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতেও সহযোগিতা অব্যাহত রাখছে নয়াদিল্লি। ফিলিস্তিনি জাতীয় মুদ্রণ সংস্থার ভেতরে একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ দেওয়া হবে।

শ্রীপ্রিয়া রঙ্গনাথনের এ সফরে জোর দেওয়া হয়েছিল স্বাস্থ্য খাতের ওপর। ফিলিস্তিনি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ক্যান্সার-বিরোধী ওষুধসহ জরুরি ও জীবন রক্ষাকারী ওষুধের একটি বড় চালান তুলে দিয়েছে ভারত। এর পাশাপাশি ২০২৩ সালের সফল উদ্যোগের ধারাবাহিকতায় সেখানে আবারও একটি কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রযুক্তি ও তরুণদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও যৌথ চেষ্টা অব্যাহত রেখেছে দুই দেশ। ভারত-প্যালেস্টাইন টেকনো পার্কে আয়োজিত উদ্ভাবন সংক্রান্ত এক গোলটেবিল বৈঠকে স্থানীয় উদ্যোক্তা, গবেষক, প্রযুক্তি পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন। সেখানে ডিজিটাল রূপান্তর ও নতুন প্রযুক্তির সুযোগ নিয়ে বিস্তারিত চিন্তাভাবনা আদান-প্রদান করা হয়। পাশাপাশি ফিলিস্তিনি কূটনীতিকদের বিশেষ প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারতের অর্থায়নে একটি কূটনীতি ইনস্টিটিউটের নির্মাণকাজ চালু রয়েছে।

সূত্র:দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএকে/