শিরোনাম

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি
রাস্তায় পথচারীদের তল্লাশি করছেন সৌদি পুলিশের সদস্যরা

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে মাত্র এক সপ্তাহের সাঁড়াশি অভিযানে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। পাশাপাশি আইনি প্রক্রিয়া শেষে প্রায় সাড়ে ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে একযোগে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে আটক করা হয় এবং পরবর্তী আইনি ধাপ সম্পন্ন করে তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৭ হাজার ১০৩ জন ধরা পড়েছেন আবাসন আইন ভঙ্গের দায়ে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করায় ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অপরাধে ৩ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪১৮ জন এবং বেআইনি উপায়ে দেশ ছাড়ার সময় ২৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয় ও যাতায়াতে সুবিধা দেওয়ার অপরাধে সৌদিতে অবস্থানরত ১৭ জন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে দেশটির আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন ৩০ হাজার ৬৭৯ জন প্রবাসী। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে জরুরি ভ্রমণ নথি সংগ্রাহের লক্ষ্যে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এ ছাড়া ৫ হাজার ৪২৪ জনকে চূড়ান্তভাবে দেশ ছাড়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরবে লাখ লাখ প্রবাসী কাজ করলেও অবৈধ অনুপ্রবেশ ও আইন ভঙ্গের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। অসাধু উপায়ে সৌদিতে প্রবেশ করতে সাহায্য করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/