শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় অগ্রগতি হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় অগ্রগতি হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক বিরোধ সমাধানের লক্ষ্যে মূল আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে কোনো চুক্তি হয়নি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুইজ্যারল্যান্ডের জেনেভায শহরে অনুষ্ঠিত এক আলোচনায় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

আরাকচি বলেন, ‘আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতি রয়েছে। আমরা কিছু নীতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি। তবে কোনো চুক্তি সম্পন্ন হয়নি।’

আলোচনার পর সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে আরাকচি বলেন, এই আলোচনা উভয়পক্ষের মধ্যে সমাধানের রাস্তা খুলে দিয়েছে। তিনি আশা করেন, এটি একটি ‘টেকসই’ সমাধানের দিকে নিয়ে যাবে।

একই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও অনেক আলোচনা বাকি। ইরান আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রস্তাব দেবে।’

এদিকে আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইরান কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ করে দেয় বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। পরে তারা জানায়, প্রণালিটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল। তবে এটি পুনরায় পুরোপুরি চালু হয়েছে কিনা তা স্পষ্ট করে বলা হয়নি।

ইরানে ‘সরকার পরিবর্তন’ সবচেয়ে ভালো উপায় হতে পারে বলে ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, তার সরকারকে উৎখাতের যেকোনো মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে।

জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের জেনেভায় আলোচনা শুরুর পর মার্কিন সেনাবাহিনীকে নিয়ে ইরানি এক গণমাধ্যমে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। কিন্তু এই সেনাবাহিনীকে কখনও এত জোরে থাপ্পড় মারা যায় যে তারা উঠে দাঁড়াতে পারে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি জেনেভায় অনুষ্ঠিত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় পরোক্ষভাবে যুক্ত ছিলেন।

সোমবার এয়ার ফোর্স ওয়ানে মার্কিন সেনাবাহিনীর স্টিলথ বোমারু বিমানের কথা উল্লেখ করে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না যে ইরান চুক্তি করতে চায় না। তাদের পারমাণবিক পরিকল্পনা অসফল করার জন্য বি-২ (বোমারু বিমান) পাঠানোর পরিবর্তে আমরা একটি চুক্তি করতে চাই।’

/বিবি/