শিরোনাম

ইরানের তেল বাণিজ্য ঘিরে মার্কিন নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ চীনের

সিটিজেন ডেস্ক
ইরানের তেল বাণিজ্য ঘিরে মার্কিন নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ চীনের
ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। ছবি: সংগৃহীত

ইরান থেকে তেল কেনার অভিযোগে চীনা কয়েকটি সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ওয়াশিংটনের পদক্ষেপের বিরোধিতা করে চীন কূটনৈতিক ও বাণিজ্যিক অবস্থান জোরদার করছে।

এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে, কয়েকটি চীনা কোম্পানি ইরানের তেল বাণিজ্যের সঙ্গে জড়িত এবং সেই ভিত্তিতে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বেইজিং এই সিদ্ধান্তকে ‘অতিরিক্ত এখতিয়ার প্রয়োগ’ হিসেবে অভিহিত করে সমালোচনা জানায়।

এবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় ওই নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া। প্রতিবেদনে বলা হয়, ইরানি তেল কেনার অভিযোগে যুক্ত পাঁচটি চীনা কোম্পানির বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—হেংলি পেট্রোকেমিক্যাল (দালিয়ান) রিফাইনারি, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংজিং কেমিক্যাল।

তবে এই নির্দেশ বাস্তবায়ন কীভাবে হবে বা এর আইনি কাঠামো কী হবে, তা এখনো পরিষ্কার নয়। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের জ্বালানি রপ্তানি ঘিরে বৈশ্বিক ক্ষমতার লড়াইয়ের অংশ হিসেবেই এই কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/