মক্কায় মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মক্কায় মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১
পবিত্র কাবা শরিফ

পবিত্র মক্কা নগরীতে গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং অকারণে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।

এদিকে এ ঘটনার রেশ ধরেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, মক্কার গ্র্যান্ড মসজিদে বড় ধরনের কোনো আত্মঘাতী বোমা হামলা প্রতিহত করা হয়েছে। তবে এ দাবি পুরোপুরি ভুয়া বলে জানিয়েছে সৌদি প্রশাসন।

তদন্তে জানা গেছে, সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি মূলত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের। সে সময় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি কাবা শরিফের কাছাকাছি এলাকায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুরোনো সেই ঘটনার ভিডিওটিকে বর্তমান পরিস্থিতির সঙ্গে জুড়ে দিয়ে একশ্রেণির মানুষ গুজব ছড়াচ্ছে। এ ঘটনার সঙ্গে আত্মঘাতী বোমা হামলা কিংবা অন্য কোনো নাশকতার কোনো সম্পর্ক নেই।

এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি কঠোর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। যেকোনো তথ্য শেয়ার বা বিশ্বাস করার আগে কেবল সরকারি এবং নির্ভরযোগ্য সূত্রগুলো যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: মিডলইস্ট আই

/এমএকে/