শিরোনাম

মধ্যপ্রাচ্যে ইসরায়েল সম্প্রসারণে আপত্তি নেই: মার্কিন রাষ্ট্রদূত

মধ্যপ্রাচ্যে ইসরায়েল সম্প্রসারণে আপত্তি নেই: মার্কিন রাষ্ট্রদূত
ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সম্প্রসারণ নীতি নিয়ে বিশ্বব্যাপী চলছে সমালোচনা। এর মধ্যেই ইসরায়েল চাইলে মধ্যপ্রাচ্যের বিস্তৃত অংশ নিয়ন্ত্রণে নিলেও তাতে আপত্তি নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি ইহুদি জনগণের ভূমির অধিকার নিয়ে ধর্মীয় ব্যাখ্যার প্রসঙ্গ তুলে এ কথা বলেন। তার এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রচারিত এক সাক্ষাৎকারে রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন ইসরায়েলের ভৌগোলিক সীমানা নিয়ে প্রশ্ন তোলেন। হাকাবি দাবি করেন, এ সীমানার শিকড় বাইবেলভিত্তিক ঐতিহ্যে নিহিত। কার্লসন বলেন, বাইবেলের একটি আয়াতে ইব্রাহিমের বংশধরদের জন্য ইউফ্রেটিস নদী থেকে নীল নদ পর্যন্ত ভূমির প্রতিশ্রুতির কথা উল্লেখ আছে।

এই বিস্তৃত এলাকা বর্তমান লেবানন, সিরিয়া, জর্ডান ও সৌদি আরবের কিছু অংশকে অন্তর্ভুক্ত করবে। এ প্রসঙ্গে হাকাবি বলেন, তারা পুরো এলাকাই নিলেও তাতে সমস্যা নেই।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।

কার্লসন বিস্ময় প্রকাশ করে জানতে চান, ইসরায়েল যদি পুরো অঞ্চলজুড়ে সম্প্রসারণ করে, তিনি কি সত্যিই তা সমর্থন করবেন। জবাবে হাকাবি বলেন, তারা নিতে চায় না, তারা তা চাইছেও না।

পরে তিনি নিজের আগের মন্তব্যকে কিছুটা অতিরঞ্জিত বলে উল্লেখ করেন।

তবে সম্ভাব্য পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি ইসরায়েল আশপাশের দেশগুলোর আক্রমণের মুখে পড়ে এবং যুদ্ধে জয়ী হয়ে সেই ভূমি দখল করে, তাহলে সেটি ভিন্ন আলোচনার বিষয় হবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেনি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাকাবির বক্তব্যের সঙ্গে একমত কি না, সে প্রশ্নেরও আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/