হুথিদের রুখতে সৌদিতে সেনা মোতায়েন পাকিস্তানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হুথিদের রুখতে সৌদিতে সেনা মোতায়েন পাকিস্তানের
পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে দেশটিতে সেনা পাঠিয়েছে পাকিস্তান। বুধবার (৭ অক্টোবর) পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। পরবর্তীতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইএসপিআরের পক্ষ থেকেও এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

আইএসপিআর প্রধান জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তির অধীনে ইতোমধ্যেই সৌদি আরবে সৈন্য পাঠানো হয়েছে এবং সেখানে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বর্তমানে কতজন সৈন্য মোতায়েন করা হয়েছে কিংবা তাদের সুনির্দিষ্ট দায়িত্ব কী হবে- সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সৌদি, পাকিস্তান ও তুরস্কের সামরিক সহযোগিতার বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, মক্কা জোট হঠাৎ করে গড়ে ওঠেনি। তিন দেশের দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক ও সামরিক সম্পর্কের ভিত্তিতেই গঠিত হয়েছে।

ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে কয়েক দশক ধরেই ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বিদ্যমান। সামরিক প্রশিক্ষণ, পরামর্শ প্রদান ও নানা ধরনের কৌশলগত সহযোগিতার জন্য বিভিন্ন সময়ে সৌদি আরবে সেনা মোতায়েন করেছে পাকিস্তান।

দীর্ঘ দিনের গৃহযুদ্ধের পর ২০২২ সালে সৌদি সমর্থিত জোটের সঙ্গে হুথিদের যুদ্ধবিরতি হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। চলতি বছরের জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হয়। চলতি সপ্তাহেই সৌদিতে অন্তত তিনবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। মূলত এ পরিস্থিতি সামাল দিতেই রিয়াদের সুরক্ষায় সেনা মোতায়েন করল পাকিস্তান।

সূত্র: সিএনএন

/এমএকে/