শিরোনাম

মধ্যপ্রাচ্যে প্রধান ‘সমস্যা সৃষ্টিকারী’ ইরান: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্যপ্রাচ্যে প্রধান ‘সমস্যা সৃষ্টিকারী’ ইরান: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আসিয়ান শীর্ষ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: আল জাজিরা

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও নিরাপত্তার প্রতি ঝুঁকি সৃষ্টিকারী হিসেবে ইরানকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, পুরো অঞ্চলটিকে অশান্ত করে তোলার পেছনে মূল ভূমিকা পালন করছে তেহরান। লোহিত সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব আল-মানদেব প্রণালিতে পণ্যবাহী জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার হুমকি নিয়ে সৌদি আরবের সঙ্গে মার্কিন প্রশাসন আলোচনা শুরু করেছে।

বুধবার (২২ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে রুবিও জানিয়েছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গত এক সপ্তাহে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে তাদের একাধিকবার উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। তিনি উল্লেখ করেন, এ জলপথে হুথিদের হুমকির ঘটনা নতুন কিছু নয়। অতীতেও তারা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক নৌপথে এমন হুমকি তৈরি করে এসেছে।


তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যেকোনো ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা তৈরি হওয়ার পেছনে মূল ভূমিকা পালন করছে ইরান। লোহিত সাগরের এ সাম্প্রতিক সংকটও মধ্যপ্রাচ্যে তাদের অপতৎপরতার আরেকটি উদাহরণ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস কিংবা ইরাকের সশস্ত্র মিলিশিয়া বাহিনী- সবগুলোকেই ইরান প্রত্যক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে। তেহরান তাদের নিজস্ব দেশের জনগণের উন্নয়ন ও কল্যাণে অর্থ ব্যয় না করে অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে টিকিয়ে রাখতে বিপুল অর্থ ঢালছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/