শিরোনাম

বিশ্ববাজারে কমলো তেলের দাম

সিটিজেন ডেস্ক
বিশ্ববাজারে কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি পরিস্থিতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর ঘিরে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। টানা তিন দিনের ঊর্ধ্বগতির পর এ দরপতন দেখা গেছে।

বুধবার (১৩ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৪৭ ডলার বা ১.৪ শতাংশ কমে ১০৬.৩০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১.৪১ ডলার বা ১.৪ শতাংশ কমে ১০০.৭৭ ডলারে নেমেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করলে তেহরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকে।

ফিলিপ নোভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেভা বলেন, ‘সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্য ঘিরে অনিশ্চয়তা তেলের দামকে প্রভাবিত করছে। তবে বাজার এখনো স্পষ্ট দিকনির্দেশনা খুঁজে পাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘অঞ্চলটির প্রতিটি নতুন ঘটনার প্রতিক্রিয়ায় বাজার অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। ফলে তেলের দামে বড় ধরনের ওঠানামা অব্যাহত থাকতে পারে। সরবরাহ ব্যবস্থায় নতুন কোনো হুমকি বা উত্তেজনা দেখা দিলে ব্রেন্ট ও ডব্লিউটিআই দুই ক্ষেত্রেই আবার দাম বৃদ্ধি পেতে পারে।’

সূত্র: রয়টার্স

/জেএইচ/