হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি জোটের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি জোটের
সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বাহিনীর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে ইয়েমেনের সৌদি সমর্থিত সামরিক জোট। একই সঙ্গে এ হামলার উপযুক্ত ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরের একটি টার্মিনালকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) নিশ্চিত করেছে, এ ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০৯ জন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুইজন বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

হামলার পর এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ১০ অক্টোবরের হামলাটি বেসামরিক মানুষকে লক্ষ্য করে চালানো হয়েছে। এটি আন্তর্জাতিক মানবিক আইন এবং যুদ্ধের স্বাভাবিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, এটি একটি জঘন্য সন্ত্রাসী হামলা এবং মানবিক নীতি ও নৈতিক মূল্যবোধের চরম লঙ্ঘন। জোটের যৌথ বাহিনী কমান্ড ভবিষ্যতে এ ধরনের আক্রমণের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ভয়াবহ এ বিস্ফোরণে বিমানবন্দরের মূল অবকাঠামো ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করতে বর্তমানে প্রাথমিক মূল্যায়ন চালাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা রক্ষা এবং স্থাপনাগুলোর ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ সাময়িকভাবে বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা ও কার্যক্রম স্থগিত রেখেছে।

সূত্র: সৌদি গেজেট

/এমএকে/