শিরোনাম

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ থেকে ফি নেবে না হুথিরা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ থেকে ফি নেবে না হুথিরা
ইয়েমেনের বাব আল-মানদেব প্রণালি। ছবি: রয়টার্স

বাব আল-মানদেব প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে কোনো ধরনের ফি বা মাশুল নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইয়েমেনের হুথি কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে বলেও নিশ্চিত করেছে তারা।

শনিবার (১ আগস্ট) হুথি পরিচালিত মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র (এইচওসিসি) এক বিবৃতিতে জানায়, তাদের ‘নিরাপদ চলাচল সেবা’ সম্পূর্ণ স্বেচ্ছামূলক ও বিনামূল্যে। সংস্থাটি সতর্ক করে বলেছে, বাব আল-মানদেব প্রণালি ব্যবহারের বিনিময়ে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী টাকা দাবি করে, তবে তার সঙ্গে ইয়েমেন বা এইচওসিসি-এর কোনো সম্পর্ক নেই। জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোকে অননুমোদিত কোনো পক্ষকে অর্থপ্রদান না করতে এবং কোনো তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দক্ষিণ লোহিত সাগর দিয়ে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজের ওপর ফি বসানোর বিষয়টি ভাবছে ইরানসমর্থিত হুথিরা। জুলাইয়ে তেহরান সফরের সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে হুথি প্রতিনিধিরা আলোচনা করেছেন বলেও সেখানে উল্লেখ করা হয়। তবে রয়টার্সের সেই খবর সামনে আসার পরই তা আনুষ্ঠানিকভাবে নাকচ করে দেয় হুথি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাণিজ্যকে যুক্ত করা বাব আল-মানদেব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত নৌপথ। বৈশ্বিক পণ্য পরিবহনে সংবেদনশীল এই সমুদ্রপথের গুরুত্ব অপরিসীম।

সূত্র: রয়টার্স

/এমএকে/