ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার জারি করা এক চরমপত্রে বলা হয়, ২৬ সেপ্টেম্বরের মধ্যে তিনি পদত্যাগ না করলে তারা দেশব্যাপী আন্দোলন এবং নয়াদিল্লিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করবে। গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের নির্বাচনের আগে ভোটার তালিকায় কথিত পরিবর্তন নিয়ে চলমান বিরোধের মধ্যেই এই ঘোষণা এলো।

সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মুম্বাই থেকে বিক্ষোভ শুরু হবে। পরে তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।

এর আগে শুক্রবার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেন বিরোধীদল কংগ্রেসের নেতাকর্মীরা। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটারদের অধিকার ক্ষুণ্ন করার অভিযোগ করেছে সিজেপি। কমিশনারদের অজান্তে নেওয়া সিদ্ধান্ত, নতুন ভোটারদের ফর্মে পরিবর্তন এবং ভোটার তালিকা সংশোধনের সময় নাম বাদ দেওয়া বা পুনর্বহাল করা হয়েছে। তাদের দাবি, ভোটার তালিকায় করা পরিবর্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দিতে পারে।

তবে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে আনা পক্ষপাতিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, একাধিক সদস্যের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। কমিশন আরও বলেছে, তাদের নেওয়া পদক্ষেপগুলো আইনসম্মত।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনের পর বিরোধ আরও তীব্র হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা ব্যবস্থাপনা নিয়ে অন্য নির্বাচন কমিশনাররা কিছু সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন।

কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশ করে ভোটার তালিকায় কারসাজির অভিযোগ করেছে। তবে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন দল উভয়েই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সূত্র: ডেইলি সাবাহ, ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স

/জেএইচ/