শিরোনাম

ভারতের রাজস্থানে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতের রাজস্থানে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা
রাজস্থানের জয়পুরে হামলার সিজেপির প্রতিনিধি দলের ওপর হামলা করা হয়

রাজস্থানের জয়পুরে একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিনিধিদল। শুক্রবার (২১ আগস্ট) বগরু বিধানসভা এলাকার রামপুরা কানওয়ারপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে সিজেপির কয়েকজন কর্মী গুরুতর আহত হন এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়ে রাজস্থান বিধানসভাতেও। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী কংগ্রেসের বিধায়কেরা তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

জানা গেছে, সিজেপির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি টিম গোয়ালঘরে চলা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যায়। কিন্তু গ্রামে পৌঁছানো মাত্রই একদল লোক তাদের পথ আটকে বিক্ষোভ শুরু করে। তারা প্রতিনিধিদলের সদস্যদের লক্ষ্য করে ‘আর্বান নকশাল’, ‘দেশবিরোধী’ ও ‘পাকিস্তানি’ বলে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তাদের ওপর চড়াও হয়ে ধাওয়া ও শারীরিক নির্যাতন চালানো হলে বাধ্য হয়ে পরিদর্শন অসম্পূর্ণ রেখেই ফিরে আসতে হয় দলটিকে।

ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশুতোষ রাঙ্কা দাবি করেন, গ্রামবাসীদের আমন্ত্রণেই তারা সেখানকার শিক্ষা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন এবং পুলিশের কাছে এ সফরের আগাম তথ্য দেওয়া ছিল। তার অভিযোগ, স্থানীয় এক বিজেপি নেতার প্ররোচনায় বাইর থেকে আসা সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তিনি বলেন, হামলায় তাদের কর্মীদের ওপর নির্যাতন চালানো হয়, একাধিক মোবাইল ফোন ভেঙে ফেলা হয়, গাড়ি ক্ষতিগ্রস্ত করা হয় এবং তাদের এক সহকর্মীর হাত ভেঙে যায়। প্রতিনিধিদলের সদস্য শিবাঙ্গী শর্মা জানান, স্থানীয় লোক হওয়া সত্ত্বেও তাকে ও অন্যান্য নারীদের উত্যক্ত ও শারীরিক লাঞ্ছনা করা হয়েছে। অন্যদিকে, ক্ষুব্ধ স্থানীয় অধিবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তাঘাট ও স্কুলের মতো মৌলিক অবকাঠামোগত কোনো উন্নয়নই করা হয়নি।

তবে সব অভিযোগ অস্বীকার করেছে শাসকদল বিজেপি। জয়পুরের বিজেপি বিধায়ক স্বামী বালমুকুন্দাচার্য উল্টো সিজেপির দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, গ্রামবাসী নিজেরাই সিজেপির উপস্থিতিতে আপত্তি জানিয়েছেন, কারণ তারা শিশুদের শিক্ষাজীবনে কোনো ব্যাঘাত চান না। তার দাবি, সিজেপির কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেখানে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছিলেন।

এ হামলাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজস্থান বিধানসভা। কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা এ আক্রমণের জন্য সরাসরি বিজেপিকে দায়ী করে তীব্র ক্ষোভ জানান। অন্যদিকে শাসকদলের পক্ষ থেকে সব দাবি উড়িয়ে দিয়ে রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী জওহর সিং বেধাম বলেন, সিজেপির আড়ালে মূলত কংগ্রেসই এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/