শিরোনাম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার ছক, গ্রেপ্তার ১

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার ছক, গ্রেপ্তার ১
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের এক সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বৃহস্পতিবার (৩০ জুলাই) মধ্যরাতে বর্ধমান শহরের একটি হাউজিং কমপ্লেক্সের ভাড়া বাসা থেকে হামিদ মণ্ডল নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতেই তিনি কিছুদিন ধরে সেখানে থাকছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তদন্তকারীরা জানান, হামিদের ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন নথিপত্র ঘেঁটে শুভেন্দু অধিকারীর বিষয়ে বেশ কিছু তথ্য সংগ্রহের প্রমাণ মিলেছে। তিনি ওই শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো ধরনের হামলার পরিকল্পনা করছিলেন কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

হামিদকে ২০১৯ সালের পুলওয়ামা হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী সাজ্জাদ ভাটের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সন্দেহ করা হচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) তাকে স্থানীয় আদালতে হাজির করা হয়। তবে আশপাশের প্রতিবেশীদের দাবি, হামিদ পরিবার নিয়ে প্রায় দেড় বছর ধরেই ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তাকে গ্রেপ্তারের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেন, বিগত কয়েক দশক ধরে রাজ্যটি চরমপন্থী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। বর্তমানে পরিস্থিতির পরিবর্তন ঘটায় চরমপন্থীরা সেইসব নেতাদের ওপর প্রতিশোধমূলক হামলার ছক কষছে, যারা উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ও কঠোর অবস্থান নিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/