শিরোনাম

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করতে চায় বিজেপি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
 পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করতে চায় বিজেপি
পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য

কেরালার নাম বদলে ‘কেরলম’ করার বিল পাসের আবহেই ভারতের রাজ্যসভায় উঠল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তনের কথা। তবে রাজ্যটির ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ বাদ দিয়ে কেবল ‘বাংলা’ বা ‘বেঙ্গল’ নয়, ঐতিহাসিক প্রেক্ষাপট অক্ষুণ্ণ রেখে এর নাম ‘পশ্চিম বঙ্গ’ রাখার জোরালো দাবি জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য।

বুধবার (১২ আগস্ট) দেশটির রাজ্যসভায় কেরালা সম্পর্কিত বিলটির ওপর আলোচনা চলাকালে শমীক ভট্টাচার্য সরকারের কাছে এ দাবি তোলেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ’ কেবল একটি সাধারণ ভৌগোলিক নাম নয়। এর পেছনে জড়িয়ে রয়েছে ১৯৪৭ সালের দেশভাগের ইতিহাস ও রাজ্য গঠনের প্রেক্ষাপট। ১৯৪৭ সালের ২০ জুন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্যের সূচনা হয়েছিল। বাঙালি হিন্দুদের জন্য একটি পৃথক রাজ্যের প্রয়োজনীয়তা তৎকালীন কংগ্রেস দলও স্বীকার করে নিয়েছিল। তাই ‘পশ্চিম’ শব্দটি বাদ দিয়ে শুধু ‘বেঙ্গল’ বা ‘বাংলা’ রাখা হলে পৃথক রাজ্যের জন্য যারা লড়াই করেছিলেন, তাদের ইতিহাস ও ত্যাগকে অবমূল্যায়ন করা হবে বলে তিনি মত প্রকাশ করেন।

তবে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে বিতর্ক ভারতে নতুন নয়। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই এর নাম ‘বাংলা’ করার দাবি জানিয়ে আসছে। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন মনে করিয়ে দেন, পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাবটি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিবেচনার অধীনে রয়েছে।

একই বৈঠকে কেরালার নাম ‘কেরলম’ করার ঐতিহাসিক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করেন শমীক ভট্টাচার্য। লোকসভায় আগেই পাস হওয়া কেরালার নাম পরিবর্তনের বিলটি বুধবার রাজ্যসভাতেও পাস হয়। এদিনের আলোচনায় বিহারের রাজধানী পাটনার নাম বদলে ঐতিহ্যবাহী ‘পাটলিপুত্র’ করা এবং নালন্দা জেলার বখতিয়ারপুর রেলস্টেশনের নাম পরিবর্তনের দাবি তোলেন রাষ্ট্রীয় লোক মোর্চার নেতা উপেন্দ্র কুশওয়াহা। তবে পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিভিন্ন দাবি ও আলোচনার মাঝে রাজ্যটির নাম পরিবর্তনের বিষয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

সূত্র: এনডিটিভি

/এমএকে/