শিরোনাম

দিল্লিতে পেট্রোল পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দিল্লিতে পেট্রোল পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
দিল্লির এক পেট্রোল পাম্পে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ভারতের দিল্লির একটি পেট্রোল পাম্পে ট্রাকে গ্যাস ভরার সময় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিন পাম্প কর্মী। বুধবার (১৯ আগস্ট) টিকরি কালান মেট্রো স্টেশনের কাছে ঘটা এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই এক কর্মীর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ২৫ বছর বয়সী মনীশ পশ্চিম দিল্লির বাবা হরিদাস কলোনির বাসিন্দা ছিলেন। অন্য দুই নিহত ব্যক্তি হলেন ৩৪ বছরের ব্রহ্মজিৎ এবং ৩০ বছরের সানি। তাদের দুজনেরই বাড়ি নিজামপুরে।

আউটার দিল্লির ডিসিপি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় আহত অন্য তিন কর্মী সুরজিৎ, সঞ্জয় ও বিপিনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলিন্ডার ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মনীশের মৃত্যু হয় এবং বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে রওনা হয় দিল্লি ফায়ার সার্ভিস। পরিস্থিতি সামাল দিতে একে একে ৬টি ফায়ার টেন্ডার পাঠানো হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই আউটার ডিস্ট্রিক্টের ডিসিপি, এসিপি এবং মুন্ডকা থানার এসএইচও-সহ পুলিশ বাহিনীও দুর্ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই এলাকাটি নিরাপদ করা সম্ভব হয়। আপাতত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ট্রাকে সিএনজি ভরার সময় কীভাবে এ বিস্ফোরণ ঘটল, তার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

/এমএকে/