আবারও আটক নেহা বোরা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আবারও আটক নেহা বোরা
নেহা বোরা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে নামা বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে দিল্লি পুলিশ। রবিবার (১১ অক্টোবর) বিক্ষোভ চলাকালীন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে আবারও আটক করা হয়। আটক হওয়ার পর তিনি অভিযোগ করেছেন, বিক্ষোভকারীদের গাদাগাদি করে আটকে রাখার জন্য পুলিশ এখন আলাদা ছোট ছোট সেলযুক্ত বিশেষ ডিটেনশন বাস ব্যবহার করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিওতে তিনি দাবি করেন, যে বাসে তাদের তোলা হয়েছে সেটিতে চারটি আলাদা সেল বা কুঠুরি ছিল, যার ভেতরে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার মতো পরিবেশও ছিল না। শুধু তাই নয়, পুলিশ কর্মীরা পুরুষ বিক্ষোভকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং লাথি মেরেছে বলেও অভিযোগ করেন তিনি।

রবিবার রাজধানীজুড়ে কড়া নিরাপত্তার চাদর বিছিয়ে দিয়েছিল প্রশাসন। বিক্ষোভকারীরা রাজপথ ধরে যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজয় চকের কাছে তৈরি হয় চরম উত্তেজনা। সেখান থেকেই নেহা বোরাসহ বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ হেফাজতে নেয়। ছড়িয়ে পড়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, আইসা সভাপতি সহ অন্যান্য সদস্যরা জোরালো স্লোগান দিচ্ছেন। ঠিক তখনই নিরাপত্তা কর্মীরা তাদের ছত্রভঙ্গ করতে এগিয়ে এলে চারদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এবং একে একে বেশ কয়েকজনকে ধরে ফেলে পুলিশ।

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকা এ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিল স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই), আইসা এবং ক্রান্তিকারী যুব সংগঠন (কেওয়াইএস)-এর মতো বিভিন্ন ছাত্র সংগঠন। দিল্লির নানা প্রান্ত থেকে অন্তত শতাধিক বিক্ষোভকারীকে তুলে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভ ঠেকাতে প্রায় ৪০ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছিল, যেন কোনোভাবেই কেউ যন্তর মন্তরে পৌঁছাতে না পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/