সিইসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: সিজেপি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সিইসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: সিজেপি
সংবাদ সম্মেলনে সিজেপি নেতা অজিঙ্কা শিন্ডে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (১০ অক্টোবর) রাজধানী দিল্লির যন্তর মন্তরে একত্রিত হওয়ার চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। তবে পুলিশের কঠোর বাধায় তারা সেখানে পৌঁছাতে পারেননি। পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ৭ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়।

গ্রেপ্তার ও আটকের পরও পিছু হটছে না দলটি। সিজেপির ভারপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার যতদিন না পদত্যাগ করছেন, ততদিন প্রতিদিন যন্তর মন্তরের দিকে এ পদযাত্রা অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৭ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগ এনে একটি এফআইআর দায়ের করার প্রস্তুতি চলছে এবং আটককৃতদের পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হতে পারে। এর আগে সকালে মুম্বাই থেকে বিমানযোগে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে আটক করে নিজেদের জিম্মায় নেয় পুলিশ।

আন্দোলন দমাতে পুলিশি তৎপরতা বাড়লেও বিক্ষোভকারীদের মনোবল ভাঙা যায়নি। এর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে অজিঙ্কা শিন্ডে নির্দেশ দিয়েছিলেন, আপনাদের যেখানে আটকে দেওয়া হবে, সেই জায়গাকে যন্তর মন্তরে পরিণত করুন। পুলিশের বাধার মুখে কেউ বিক্ষোভস্থলে পৌঁছাতে না পারলে নিজেদের সুবিধামতো স্থানেই অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র: এনডিটিভি

/এমএকে/