শিরোনাম

আলোচনায় বসতে সরকারকে যে শর্ত দিলো সিজেপি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আলোচনায় বসতে সরকারকে যে শর্ত দিলো সিজেপি
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি: এনডিটিভি

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে। চলমান এ অচলাবস্থা নিরসনে এবার সরকারকেই এগিয়ে এসে আলোচনার উদ্যোগ নেওয়ার কথা বলেছেে ‘ককরোচ জনতা পার্টি’। ৩০ বছর বয়সী যুব নেতা ও সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, সংকট সমাধানের ইচ্ছা থাকলে সরকারকে ঔদ্ধত্য ছেড়ে তাদের কাছে আসতে হবে এবং শর্ত মেনেই সংলাপে বসতে হবে।

ভারতে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী স্নাতক পর্যায়ের মেডিকেলে ভর্তির জন্য নিট পরীক্ষায় অংশ নেন। চলতি বছর প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগে তোলপাড় শুরু হলে শিক্ষার্থীরা রাজপথে নামেন। সোমবার (২০ জুলাই) হাজার হাজার শিক্ষার্থী সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। এ ঘটনার পর দুই পক্ষের সম্পর্ক আরও তিক্ত হয় এবং এর পরপরই ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে সরকারকে কড়া বার্তা দেওয়া হয়।

সরকারের দ্বিমুখী আচরণের সমালোচনা করে দীপকে অভিযোগ করেন, একদিকে আলোচনার আহ্বান জানানো হচ্ছে, অন্যদিকে আন্দোলনকারীদের ওপর চলছে পুলিশি নির্যাতন। মঙ্গলবার (২১ জুলাই) সরকারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, আলোচনার নামে তাদের প্রতিনিধিদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে জেপি নাড্ডার বাসভবনে একরকম গৃহবন্দী করে রাখা হয়। আন্দোলন স্থলের জমায়েত দুর্বল করার কৌশল হিসেবেই তাদের দীর্ঘ সময় আটকে রেখে সময় নষ্ট করা হয়েছে বলে দাবি করেন তিনি।

যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্দোলনকারীরা এগিয়ে এলে তারা আলোচনার জন্য প্রস্তুত। তবে সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট করেছেন, আলোচনা নিরপেক্ষ কোনো স্থান কিংবা যন্তর মন্তরে হতে পারে, কিন্তু তাদের মূল দাবি থেকে তারা একচুলও সরবেন না।

সূত্র: এনডিটিভি

/এমএকে/