শিরোনাম

ভারত থেকে আসছে ১৯ রেল কোচ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
বাংলাদেশ রেলওয়ের একটি কোচ

বাংলাদেশ রেলওয়ের জন্য লিঙ্কে-হফম্যান-বুশ (এলএইচবি) ব্র্যান্ডের ১৯টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম রেক তৈরি সম্পন্ন করেছে ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)।

বুধবার (১২ আগস্ট) এই রেকটি আনুষ্ঠানিকভাবে রোল আউট করার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম রেকে তিনটি এসি স্লিপার, তিনটি এসি চেয়ার, ১১টি নন-এসি চেয়ার এবং দুটি পাওয়ার কোচ রয়েছে।

আরসিএফ কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়ের পরিচালনগত ও যাত্রী চাহিদা মেটাতে কোচগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। অতিরিক্ত ভিড়ের কারণে অনেক সময় ছাদে ভ্রমণ করার প্রয়োজন পড়ে। এসব যাত্রীদের অতিরিক্ত ভার সহ্য করার জন্য ছাদের কাঠামোকে শক্তিশালী করা হয়েছে। কোচগুলিতে ইউরোপীয় মানদণ্ড অনুযায়ী সংঘর্ষ-সহনশীল ব্যবস্থাও রয়েছে। এজন্য কোচের বডি শেলের নকশায় পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় রেলের প্রচলিত ৭৫০ ভোল্টের পরিবর্তে বাংলাদেশ রেলওয়ের প্রয়োজন অনুযায়ী এসব কোচে ৪১৫ ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়াও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষভাবে তৈরি রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট রয়েছে। পাশাপাশি এসি কোচে ফ্যান, সমন্বিত সিসিটিভি নজরদারি ব্যবস্থা, যাত্রীদের জন্য অ্যালার্ম সিস্টেম, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ এবং নামাজের কক্ষও রয়েছে।

প্রসঙ্গত, ২০১৫-১৬ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল। এরপর ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ে সাত ধরনের ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির নতুন অর্ডার দেয়। ১৯ কোচের রেক সেই অর্ডারেরই প্রথম চালান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/