গ্রেপ্তার ঝুঁকি মাথায় নিয়ে ‘তেরঙ্গা’ মিছিলের ডাক অভিজিতের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গ্রেপ্তার ঝুঁকি মাথায় নিয়ে ‘তেরঙ্গা’ মিছিলের ডাক অভিজিতের
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি মাথায় নিয়েই আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকাল ৫টায় নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এক বিশাল ‘তেরঙ্গা’ (জাতীয় পতাকা) মিছিলের ডাক দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি দেশের মানুষকে জাতীয় পতাকা হাতে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

গত সোমবার নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভস্থলে ঢুকে পতাকা ওড়ানো এবং স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সিজেপির দুই জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত বুধবার তাদের ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহার কারাগারে পাঠিয়েছে।

দলীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এই মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দিপকে বলেন, ‘জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়’। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন যে, শুক্রবারের এই কর্মসূচির পর তাকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতে পারে। তবে এই ঝুঁকি তাকে দমাতে পারবে না।

যারা দিল্লিতে আসতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে ‘তেরঙ্গা মিছিল’ আয়োজন করে সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অনুরোধ করেছেন তিনি।

এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, সেন্ট্রাল পার্কে এই কর্মসূচি পালনের জন্য আয়োজকদের পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তাছাড়া ওই এলাকায় বর্তমানে ১৬৩ ধারার নিষেধাজ্ঞা জারি থাকায় সিজেপি এই মিছিলের জন্য পুলিশি অনুমতি পাবে কি না, তা নিয়ে তীব্র সংশয় রয়েছে।

সূত্র:দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/জেএইচ/