শিরোনাম

যে শর্তে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
যে শর্তে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
অনশনরত সোনম ওয়াংচুক। ছবি: আল জাজিরা

ভারতের দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নজিরবিহীন বিক্ষোভের মাঝেই শর্ত সাপেক্ষে আন্দোলন স্থগিতের বার্তা দিলেন সোনম ওয়াংচুক। নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা তার অনশন কর্মসূচি বুধবার ২৫ দিনে পা দিয়েছে। আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ মানুষের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বা দমনমূলক আইনি পদক্ষেপ নেওয়া হবে না- কেন্দ্র সরকারের কাছ থেকে এমন জোরালো বা লিখিত আশ্বাস পেলেই তিনি অনশন প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন।

এদিকে সিজেপি'র প্রতিবাদ মিছিল চলাকালে দিল্লি পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বিক্ষোভকারীদের ওপর অন্যায্য ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ এনে দুটি পৃথক আবেদন দাখিল হলে দিল্লি হাইকোর্ট এ বিষয়ে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে। শুনানিকালে আবেদনকারীর পক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থানরত মানুষের ওপর চড়াও হয় পুলিশ। এমনকি কোনো উসকানি ছাড়াই এক নারী পথচারীকে শারীরিক নিগ্রহের অভিযোগে অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বাকে সশরীরে আদালতে তলবের আবেদন জানানো হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত পর্যালোচনার জন্য আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন উচ্চ আদালত।

তবে পুলিশের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। আদালতের সামনে তাদের দাবি, তথাকথিত এ শান্তিপূর্ণ আন্দোলন মোটেও শান্ত ছিল না। ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা একদল উচ্ছৃঙ্খল লোক আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে, যার ফলে একাধিক পুলিশকর্মী গুরুতর আহত হন। এ ধরনের সহিংসতা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আইনের পরিধির ভেতরে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে স্পষ্ট করেছে পুলিশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএকে/