শিরোনাম

নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সিটিজেন ডেস্ক
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি: হিন্দুস্তান টাইমস

আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঠিক আগে ভারত সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার (২৩ মে) রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর আগে শনিবার স্ত্রী জ্যানেট ডি রুবিওকে সঙ্গে নিয়ে ভারতের কলকাতায় পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তারা মাদার তেরেসা প্রতিষ্ঠিত দাতব্য সংস্থার প্রধান কার্যালয় (মাদার হাউস) পরিদর্শন করেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দীর্ঘ ১৪ বছরের মধ্যে কোনো শীর্ষ আমেরিকান কূটনীতিকের এটাই প্রথম কলকাতা সফর। পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে বর্তমানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরও এ সফরে অংশ নিচ্ছেন। দিল্লি ও কলকাতা ছাড়াও আগ্রা ও জয়পুর ভ্রমণের কথা রয়েছে রুবিওর। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন।

মঙ্গলবার (২৬ মে) নয়াদিল্লিতে ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলগত জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, বিশেষ করে ইরান যুদ্ধ এবং ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই এ উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা শুরু হলো। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক ও দ্বিপাক্ষিক অংশীদারিত্বের গতি বজায় রাখার ক্ষেত্রে এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে এবং উত্তেজনা প্রশমনে নতুন মাত্রা যোগ করবে।

সফরের গুরুত্ব তুলে ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার। দেশটির সঙ্গে অনেক জরুরি বিষয়ে যৌথভাবে কাজ করার রয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এ সফরে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, এর বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব এবং বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএকে/