ভারতে ৬ এফ-৩৫ যুদ্ধবিমান ও দুই শতাধিক মার্কিন সেনা, নেপথ্যে কী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতে ৬ এফ-৩৫ যুদ্ধবিমান ও দুই শতাধিক মার্কিন সেনা, নেপথ্যে কী
মার্কিন সেনাদের সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর

মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান ভারতে পৌঁছেছে। যোধপুরে শুরু হওয়া বহুপাক্ষিক আকাশ মহড়া ‘তরঙ্গ শক্তি’র দ্বিতীয় সংস্করণে অংশ নিতেই দুইশতাধিক মার্কিন সেনা ও যুদ্ধবিমানগুলো ভারতে এসেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

নিজের পোস্টে মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, মার্কিন বিমান শক্তি যোধপুরে এসে গেছে! ছয়টি এফ-৩৫ লাইটনিং ২ এবং ২০০ জন বিমানসেনা প্রথমবারের মতো ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশগ্রহণের জন্য এখন ভারতে রয়েছে। আমেরিকার সর্বশ্রেষ্ঠ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোকে @IAF_MCC এবং সহযোগীদের সঙ্গে তরঙ্গ শক্তি মহড়ায় আত্মপ্রকাশ করতে দেখে আমি উচ্ছ্বসিত।

এছাড়া পোস্টে মার্কিন মাল্টিরোল স্টেলথ যুদ্ধবিমানগুলোর একটি আকর্ষণীয় ছবিও শেয়ার করেছেন তিনি।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছিল, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ মহড়া চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। যোধপুর বিমান বাহিনী কেন্দ্রে আয়োজিত এ মহড়ায় যুক্তরাষ্ট্র ছাড়াও অংশ নিচ্ছে ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত।

আইএএফ জানিয়েছে, এ যৌথ মহড়ায় ভারতের সক্ষমতা তুলে ধরতে অংশ নেবে রাফাল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজাস, মিগ-২৯ এবং এসইউ-৩০ এমকেআই-এর মতো শক্তিশালী যুদ্ধবিমান। মূলত বন্ধু দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আন্তঃকার্যক্ষমতা বাড়ানোই এ মহড়ার অন্যতম প্রধান লক্ষ্য।

সূত্র: এনডিটিভি

/এমএকে/