শিরোনাম

পতুর্গালে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা সেগুরোর ভূমিধস বিজয়

পতুর্গালে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা সেগুরোর ভূমিধস বিজয়
পর্তুগালের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো (ইনসেটে)। ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। তিনি নিজের প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থি নেতা আন্দ্রে ভেঞ্চুরাকে পরাজিত করে এই জয় অর্জন করেন।

৬৩ বছর বয়সী সেগুরো দেশটির বামপন্থী দল সোশ্যালিস্ট পার্টির নেতৃত্বে রয়েছেন। অন্যদিকে ৪৩ বছর বয়সী আন্দ্রে ভেঞ্চুরা পর্তুগালের ডানপন্থী দল চেগার শীর্ষ নেতা।

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট গণনা শেষে রবিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পর্তুগালের নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৯৭ শতাংশ ভোট কাস্ট করা হয়েছে। এই ভোটের ৬৩ শতাংশ পেয়েছেন সেগুরো। আর ৩৪ শতাংশ পেয়েছেন ভেঞ্চুরা।

রবিবার পর্তুগালের নির্বাচন কমিশন যে ফলাফল প্রকাশ করেছে, তা দ্বিতীয় দফা বা রান অফ নির্বাচনের। গত ১৮ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় পর্তুগালের মধ্য ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যার কারণে সেসব অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে আর ভোটগ্রহণ হয়নি।

তবে উত্তরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হয়েছিল সেদিন। প্রায় ৩৭ হাজার ভোটার ভোটও দিয়েছিলেন, যা পর্তুগালের মোট ভোটারের দশমিক ৩ অংশ। কিন্তু মধ্য ও দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির ব্যাপারটি আমলে নিয়ে দেশটির নির্বাচন কমিশন ১৮ জানুয়ারির ভোট স্থগিত করেন এবং পরবর্তী ভোটগ্রহণের দিন নির্ধারণ করেন গত ৭ ফেব্রুয়ারি শনিবার।

রবিবার যে ফলাফল প্রকাশ করেছে পর্তুগালের নির্বাচন কমিশন, সেখানে ১৮ জানুয়ারির ভোটগুলোও হিসেবের আওতায় আনা হয়েছে।

পর্তুগালের রাজনৈতিক কাঠামো ও সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত। তবে মন্ত্রিপরিষদ-শাসিত সরকারের মতো সম্পূর্ণ অলঙ্কৃত নয়। জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই পার্লামেন্ট বিলুপ্তি ঘোষণা করার মতো গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা রাখেন।

আকস্মিক বন্যার কারণে পর্তুগালের নির্বাচন কমিশন ১৮ জানুয়ারির ভোট স্থগিত করে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন ঘোষণার পর কঠোর আপত্তি জানিয়েছিলেন পরাজিত প্রার্থী আন্দ্রে ভেঞ্চুরা। তিনি পুরো ভোট বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলেন, তবে পর্তুগালের নির্বাচন কমিশন সেই দাবি আমলে নেয়নি।

পরাজিত হলেও এবারের ভোটে বেশ অগ্রগতি হয়েছে আন্দ্রে ভেঞ্চুরা ও তার দল চেগা পার্টির। দেশটির রাজনীতি বিশ্লেষকদের মতে, বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচনে ভেঞ্চুরা ও অভিবাসনবিরোধী চেগা পার্টির জনপ্রিয়তা বেড়েছে ২২ দশমিক ৮ শতাংশ।

সূত্র : আল জাজিরা

/জেএইচ/